দেশের কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণে করেছে ম্যাপ ভিত্তিক কোভিড-১৯ ট্রাকার (
http://nda.bcc.gov.bd/covid) তৈরি করেছে বাংলাদেশ জাতীয় আর্কিটেকচার (বিএনডিএ) নির্মাতা দল। ট্রাকারটি সহজবোধ্য ও প্রাঞ্জল বাংলা ভাষায় সাজানো। এটির একটি অনন্য বৈশিষ্ট্য হল কিছু সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে নতুন ও হালনাগাদ তথ্য সংগ্রহ করে।
বাংলাদেশ জাতীয় আর্কিটেকচার (বিএনডিএ) টীমের কাজের অগ্রগতি পর্যালোচনামূলক অনলাইন বৈঠক শেষে ট্রাকারটি বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নির্ভরযোগ্য আন্তর্জাতিক উৎস (worldometers.info,www.jhu.edu) থেকে তথ্য সংগ্রহ করে তা বিভিন্ন ফরম্যাটে (মানচিত্র, সারনী, গ্রাফ, চার্ট প্রভৃতি) দেখানোর ব্যবস্থা রয়েছে এতে।

তিনি আরো বলেন, বাংলা/ইংরেজীতে সার্চ বা অনুসন্ধান করার পাশাপাশি এতে চার্ট/ গ্রাফের মাধ্যমে দেশভিত্তিক বা বিভিন্ন দেশের সংক্রমণ জনিত তথ্যের তুলনামূলক পরিসংখ্যানও দেখানো যায়। বাংলা ভাষায় তথ্য দেখানো বা অনুসন্ধানের ব্যবস্থার ফলে সাধারণ মানুষের জন্য এটি কার্যকরীও বটে।
এর আগে কৃষকের সময়, খরচ ও হয়রানি কমাতে আইসিটি বিভাগের কারিগরী সহযোগিতায় খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের জন্য কৃষকের অ্যাপটি তৈরি করেছিলো বিএনডিএ এর এই দলটি। মৌসুমে পরীক্ষামূলক ব্যবহার সফল হওয়ার কারণে, এবার বোরো ২০২০ মৌসুমে ইতোমধ্যে ৬৪ জেলার ৬৪টি উপজেলায় অ্যাপসটির ব্যবহার সম্প্রসারিত করা হয়েছে।